ডি মারিয়ার শেষ মুহূর্তে আমরা পাশে আছি: লিওনেল মেসি

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৪:২১ পিএম

আর মাত্র একটি ম্যাচ- তারপরই আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না আনহেল ডি মারিয়াকে। চলতি কোপা আমেরিকার মাঝেই তিনি জানিয়েছেন, অবসরের সিদ্ধান্ত আর বদলাবেন না। যদিও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এবং অধিনায়ক লিওনেল মেসি তাকে আরও কিছুদিন খেলে যাওয়ার অনুরোধ করেছেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল আর্জেন্টিনার মাঝমাঠের সৈনিক।

কানাডার বিপক্ষে কোপার সেমিফাইনালে মাঠে নামার মেসি তার সতীর্থদের বলেছিলেন, ডি মারিয়ার জন্য খেলতে হবে। তার জন্যই ফাইনালে উঠতে হবে। এবার ফাইনালের আগে সতীর্থের অবসর নিয়ে ‘ফক্স স্পোর্টস’কে মেসি বললেন, “সে এটা (অবসর) আগেই পরিষ্কার জানিয়ে দিয়েছে। আমরা এখন সবকিছুই উপভোগের চেষ্টা করি, আগে যেসব মুহূর্তকে পাত্তা দিইনি সেগুলোও। সে আগের চেয়ে এখন বেশি আবেগপ্রবণ। জাতীয় দলের হয়ে তার শেষ মুহূর্তে আমরা পাশেই আছি।”

মেসির সামনে এখন স্পেনের পর ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে আর্জেন্টিনাকে টানা তিনটি বড় টুর্নামেন্ট জেতানোর সুযোগ। ফাইনালের আগে উত্তেজনা আসা স্বাভাবিক। কিন্তু মেসি শেষটা রাঙাতে নিজেকে এবং দলের সবাইকে শান্ত রেখেছেন। মেসির ভাষায়, “সত্যিটা হলো আমি শান্তই আছি এবং মুহূর্তটির (ফাইনাল) অপেক্ষায় আছি। এখন সবকিছু অনেক বেশি উপভোগ করার চেষ্টা করি। কোনো তাড়াহুড়ো নেই, প্রতিটি মুহূর্ত উপভোগ করি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত