সৈয়দপুরে বগি লাইনচ্যুত, ট্রেনের চলাচল বন্ধ

রুটিন মেরামতের জন্য নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে আসা ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে চলাচলকারী খুলনা, রাজশাহীগামী, ঢাকাসহ অন্যান্য ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশন কারখানার ২০০ গজ দূরে ট্রেনটি লাইনচ্যুত হয়। সৈয়দপুর রেলওয়ের স্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম রতন দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

সূত্র জানায়, রুটিন মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানায় আনা হচ্ছিল এসব বগি। ট্রেনটি ঈদে বিশেষ ট্রেন হিসেবে জয়দেব-পার্বতীপুর রুটে চলাচল করেছে। এই ট্রেন বহরে ১৩ কোচ রয়েছে। এর মধ্যে কয়েকটি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে সৈয়দপুর-পার্বতীপুর রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ট্রেন বহরটি আটকে থাকায় শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা দেশ রূপান্তরকে বলেন, রেলের কর্মকর্তা ও কর্মচারীরা ট্রেনটি সরাতে কাজ করছেন। তবে সন্ধ্যার আগে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।