নীলফামারীর কিশোরগঞ্জে দুলাভাইয়ের বাড়িতে ঈদের দাওয়াত খেতে এসে রেজাউল করিম (৪০) নামে এক শ্যালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
বুধবার (৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।
নিহত রেজাউল করিম উপজেলার মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামের পূর্বপাড়া এলাকার আব্দুল ওহাবের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মাগুড়া দোলাপাড়া এলাকার গড়েরপাড়ের মৃত আজিম উদ্দিনের ছয় ছেলের মধ্যে পাঁচ ভাইয়ের সঙ্গে অপর এক ভাই আমিন উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। আমিন উদ্দিনের শ্যালক রেজাউল করিম গত সোমবার (১ জুন) তার বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে দাওয়াত খেতে আসেন। এসময়ে মৃত আজিম উদ্দিনের অপর ছেলেরা তাদের সন্তানদের সঙ্গে নিয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে রেজাউল করিমসহ তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ জুন) বিকালে রেজাউল করিমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত আমিন উদ্দিন জানান, আমার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে আমার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। তারা আমাকে আমার জমিতে যেতে দেয়না। এনিয়ে গ্রাম আদালতে একাধিকবার মীমাংসা করার চেষ্টা করা হলেও তারা তা শুনেনি। ফলে আমি আদালতে মামলা করি, যা চলমান রয়েছে।
তিনি বলেন, সোমবার আমার শ্যালক আমার বাড়িতে দাওয়াত খেতে আসলে তারা (আমার ভাই) লাঠিসোঁটা, ছুরি দিয়ে আমাদের ওপর হামলা করে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (মঙ্গলবার) বিকেলে আমার শ্যালক মারা যায়। আমি এর বিচার চাই।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে, তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলমান আছে।
খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কি না, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর