খাবারে মাছ-মাংস না থাকায় মারধর, বিয়ে ভেঙে দিলেন বর

বিয়ে বাড়িতে বরপক্ষের লোকজনের জন্য খাবারের আয়োজনে আছে পনির, পোলাও ও অন্যান্য বিভিন্ন ধরনের তরকারি। বরকে দেওয়া হয়েছিল কয়েক লাখ টাকা যৌতুকও। কেবল মাছ আর মাংস ভূরিভোজের আয়োজনে না থাকায় কনেপক্ষের লোকজনকে বেধড়ক মারধর করেছেন বরপক্ষ। এছাড়া বিয়ে ভেঙে চলে গেছে বরপক্ষ। এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার উত্তপ্রদেশের দেওরিয়া জেলার আনন্দনগর গ্রামে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। সেদিন অভিষেক শর্মা নামের এক তরুণ আনন্দনগরের বাসিন্দা দীনেশ শর্মার মেয়ে সুষমাকে বিয়ে করার জন্য অতিথিদের নিয়ে যান। সবকিছুই পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক চলছিল। এমনকি বর ও কনের মাঝে মালা বিনিময়ের অনুষ্ঠান বরমালাও সম্পন্ন হয়েছিল। সেই সময়ও বরকে বলা হয়েছিল, ভূরিভোজের আয়োজনে কোনো আমিষ খাবার নেই।

কনের বাবা দীনেশ বলেন, বর, তার বাবা সুরেন্দ্র শর্মা এবং অন্যরা আমিষ খাবার না থাকায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। আমি আপত্তি জানালে অভিষেক শর্মা, সুরেন্দ্র শর্মা, রামপ্রবেশ শর্মা, রাজকুমার এবং অজ্ঞাত কয়েকজন ব্যক্তি আমার পরিবারকে লাঠি দিয়ে মারতে শুরু করেন এবং লাথি ও কিলঘুষি মেরেছেন।

এমন অপ্রীতিকর ঘটনার পর বিয়ে বাতিল করা হয়। অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান বর। এরপর এই ঘটনা গড়ায় থানা-পুলিশ পর্যন্ত। কনের পরিবার পুলিশের কাছে বরপক্ষের লোকজনের বিরুদ্ধে লাঞ্ছনা ও যৌতুকের অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, যৌতুক হিসাবে একটি গাড়ি কেনার জন্য সাড়ে ৪ লাখ রুপি একটি তিলক সেট ও দুটি সোনার আংটি (দাম ২০ হাজার রুপি) দেওয়া হয়েছে।