অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস ৬২ বছর বয়সে তার দীর্ঘদিনের সঙ্গী জোডি হেইডেনকে বিয়ে করেছেন।
রয়টার্সের সূত্রে জানা গেছে, শনিবার (২৯ নভেম্বর) ক্যানবেরার লজে ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে অ্যান্থনি আলবানিসের বিয়ে অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ার ইতিহাসে দায়িত্বে থাকা অবস্থায় কোনও প্রধানমন্ত্রী বিয়ে করলেন। এটি প্রথম ঘটনা, যা দেশটির রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
দীর্ঘদিনের সম্পর্কের পর গত বছর ভ্যালেন্টাইন ডে-তে জোডিকে প্রপোজ করেন আলবানিস। তবে বিয়ের দিন-তারিখ ও পুরো প্রস্তুতি সর্বোচ্চ গোপনীয়তার মধ্যেই সম্পন্ন করা হয়। পরিবার ছাড়া কেউই অনুষ্ঠান সম্পর্কে আগে থেকে জানতেন না।
বিয়ের পর প্রকাশিত বিবৃতিতে আলবানিস বলেন, ‘আমরা আমাদের প্রিয়জনদের সামনে পরস্পরের প্রতি গভীর অনুভূতি প্রকাশ করেছি। সারাজীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দম্পতিকে ঘিরে অভিনন্দনের ঢল নেমে এসেছে।
জোডি হেইডেন সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে নিয়মিতই আলবানিসের পাশে ছিলেন। ২০২২ সালের নির্বাচনী প্রচারণাতেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন, যে প্রচারণায় লেবার পার্টি বড় ব্যবধানে জয়লাভ করে।
বিশেষ দিনে জোডি পরেছিলেন সিডনির ফ্যাশন ব্র্যান্ড ‘রোম্যান্স ওয়াজ বর্ন’-এর তৈরি পোশাক। অন্য দিকে আলবানিস বেছে নেন এমজে বেলের তৈরি ক্লাসিক স্যুট। অনুষ্ঠানে নবদম্পতির প্রিয় কুকুর টোটো আংটি বহনকারী হিসেবে উপস্থিত থেকে সবার মন জয় করে নেয়। অতিথিদের পরিবেশন করা হয় দম্পতির পছন্দের বিশেষ ক্যানজাত বিয়ার।
বিয়ের পর আলবানিস ও জোডি ঘোষণা করেছেন, তারা আগামী সপ্তাহের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অস্ট্রেলিয়ার মধ্যেই হানিমুন কাটাবেন, এবং সকল ব্যয় নিজেরাই বহন করবেন। পরিবার-ঘনিষ্ঠদের ভাষ্য, এই সময়টুকু তারা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে কাটাতে চান।
প্রধানমন্ত্রীর ব্যস্ত জীবনের মাঝেও দীর্ঘ সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার সিদ্ধান্তকে অনেকেই আধুনিক ও মানবিক উদাহরণ হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, এমন ব্যক্তিগত মুহূর্ত নেতাদের প্রতি মানুষের আবেগ ও আস্থা আরও বাড়িয়ে তোলে।
