ছিলেন পরিবারের আয়ের উৎস, মৃত্যু বাসচাপায়

সাতক্ষীরার আশাশুনিতে দ্রুতগামী বাসের চাপায় বাইসাইকেল আরোহী ষাটোর্ধ এক দিনমজুর নিহত হয়েছেন। নিহত রেজাউল সানা আশাশুনি সদর ইউনিয়নের আদালতপুর গ্রামের আনসার সানার ছেলে।

আশাশুনি থানার ওসি বিশ্বজিত কুমার জানান, রবিবার দুপুরে রেজাউল সানা দুর্গাপুর থেকে বাইসাইকেলযোগে বাড়িতে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাস দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশাশুনির চাপড়া ব্রিজ এলাকা থেকে বাসটিকে আটক করে।

আশাশুনি ইউনিয়নের চেয়ারম্যান হোসেনুজ্জামান বলেন, রেজাউল একজন দিনমজুর, তার মৃত্যুতে পরিবারের আয়ের উৎস হারিয়ে গেল। এ অবস্থায় তিনি বাসচালকের শাস্তি ও বাস মালিককে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।