কেনিয়ার রাজধানী নাইরোবির একটি বস্তির ময়লার স্তূপ থেকে আট নারীর খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো টুকরা করে বস্তায় ভরে এখানে ফেলে গেছে। লাশগুলো অনেকটাই পচে গেছে। রবিবার কেনিয়ার ভারপ্রাপ্ত পুলিশপ্রধান ডগলাস কানজা এ তথ্য জানান। রোমহর্ষক এ ঘটনার তদন্ত চলছে। খবর বিবিসির।
খবরে বলা হয়, শুক্রবার গোয়েন্দারা নাইরোবির মুকুরুর বস্তির ভাগাড়ে বেশ কিছু ব্যাগ পান। ওই ব্যাগগুলোতে অন্তত ছয় জন নারীর খণ্ডিত দেহ পাওয়া গেছে। তবে রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত পুলিশ নজরদারি সংস্থা জানিয়েছে, নয়টি মৃতদেহ পাওয়া গেছে। এদের মধ্যে সাতজন নারী।
ডিরেক্টরেট অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশনস (ডিসিআই) শনিবার জানিয়েছে, পরিত্যক্ত খনি থেকে আরও পাঁচটি ব্যাগ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে তিনটিতে নারীর শরীরের অংশ রয়েছে।
তবে কেনিয়ার ভারপ্রাপ্ত পুলিশপ্রধান ডগলাস কানজা বলেন, শুক্রবার ছয়জনের মরদেহ পাওয়া যায়। আর অন্য দুজনের লাশের বিভিন্ন অংশ পাওয়া যায় শনিবার। তিনি বলেন, আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, আমরা দ্রুততার সঙ্গে স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। অপরাধীদের বিচারের আওতায় আনতে কানজা জনগণের সহায়তা চেয়েছেন।
গত মাসে সরকারবিরোধী বিক্ষোভের সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় দেশটিতে ব্যাপক জনরোষ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে জাতীয় পুলিশপ্রধান জাফেট কুমের পদত্যাগ করলে চলতি সপ্তাহে কানজা এই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেন।
কেনিয়ায় গত বছর ভারত মহাসাগরের উপকূলের কাছে একটি জঙ্গলে গণকবর পাওয়া গিয়েছিল। গণকবর থেকে ডুমসডে সম্প্রদায়ের শত শত অনুসারীর লাশ পাওয়া গিয়েছিল।
ট্রাম্পর ওপর হামলায় কোনো বিবৃতি দেবেন না পুতিন