খালাস পেয়েও ফের গ্রেপ্তার ইমরান খান ও বুশরা বিবি

ইদ্দত মামলায় খালাস পেয়েছেন পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। তাদের খালাস দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তোশাখানা উপহারসংক্রান্ত নতুন একটি মামলায় জাতীয় অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) নির্দেশে এই দম্পতিকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এনএবির উপপরিচালক মহসিন হারুনের নেতৃত্বে একটি দল আদিয়ালা কারাগার থেকে ইমরান খান ও বুশরা বিবিকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত করতে উভয়কেই এই কারাগারেই জিজ্ঞাসাবাদ করা হবে।

এই বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে তাদের বিয়ে বেআইনি বলে প্রমাণিত হওয়ার পর বিচারিক আদালত তাদের সাত বছরের কারাদণ্ড ও প্রত্যেককে পাঁচ লাখ রুপি করে জরিমানা করেছিলেন।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে লাহোরে বুশরা বিবিকে বিয়ে করেছিলেন ইমরান খান। অনুষ্ঠানে কনের মা, বন্ধু-বান্ধবসহ নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। গত বছর বুশরার সাবেক স্বামী খাওয়ার মানেকা আদালতে অভিযোগ জানান, ইমরান ও বুশরার বিয়েটি অবৈধ ও শরিয়া আইনের বিরুদ্ধে।

বুশরার তিন মাসের ইদ্দত শেষ হওয়ার আগেই এ বিয়ে হয়েছে। পাশাপাশি মানেকা তাদের বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগও এনেছিলেন। শনিবার ২৮ পৃষ্ঠার রায়ে বিচারক মাজোকা বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকার অভিযোগ প্রত্যাখ্যান করেন। তাদের বিরুদ্ধে জালিয়াতি করে নিকাহ ও ব্যভিচারের অভিযোগও প্রত্যাখ্যান করেন তিনি।