চার সন্তানকে নিয়ে কুয়ায় ঝাঁপ দিলেন মা!

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৭:৫৬ পিএম

স্বামীর সঙ্গে ঝগড়া হওয়ায় চার সন্তানকে নিয়ে কুয়ায় ঝাঁপ দিয়েছেন এক গৃহবধূ। প্রতিবেশীরা দৌড়ে এসে তাকে উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু, বাঁচানো যায়নি বাকিদের। চার সন্তানের প্রাণ গিয়েছে কুয়ার পানিতে ডুবে। রবিবার ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সুগনা বাঈ নামে ৪০ বছর বয়সী ওই নারীকে কুয়া থেকে উদ্ধার করেন স্থানীয়রা। কিন্তু তার চার সন্তানই মারা গিয়েছে। ১১ বছরের অরবিন্দ, নয় বছরের অনুষা, ছয় বছরের বিট্টু এবং তিন বছরের কার্তিকের দেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সুগনার সঙ্গে তার স্বামী রোদু সিংহের অশান্তি হয়েছিল শনিবার। স্ত্রীকে মারধরও করেন রোদু। তার পরেই চার সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ওই নারী। শনিবার চার সন্তানকে নিয়ে প্রাথমিক স্কুলের বারান্দায় আশ্রয় নিয়েছিলেন তিনি। সেখানে রাত কাটানোর পর রবিবার সকাল ৬টা নাগাদ সন্তানদের নিয়ে কুয়ায় ঝাঁপ দেন তিনি। 

সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, চার নাবালকের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে। নেপথ্যে আরও কোনো ঘটনা রয়েছে কি না, খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত