ট্রাম্পের ওপর হামলার টি-শার্ট বানাল চীন, বিক্রি কেমন?

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনি জনসভায় বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জনসভায় বক্তৃতা দেওয়ার সময় তার কান ফুটো করে গুলি চলে গিয়েছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। এদিকে তার ওপর হামলার ৩ ঘণ্টার মধ্যেই টি-শার্ট বানিয়ে অনলাইনে বিক্রি শুরু করেছে একজন চীনা ব্যবসায়ী।  

রিপাবলিক ওয়ার্ল্ডের খবরে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখছিলেন। সেই সময় কান ঘেঁষে এলোল গুলি। কানে হাত দিয়ে বসে পড়লেন ট্রাম্প। গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে সেই ছবি। আর সেই ঘটনার ৩ ঘণ্টার মধ্যেই  চীনের অনলাইন বিক্রেতারা একটি টিশার্ট বিক্রি করার উদ্যোগ নেয়। সেই টি শার্টের বুকে রয়েছে সেই অল্পের জন্য বেঁচে যাওয়ার সময় ডোনাল্ড ট্রাম্পের মুখের ছবি। 

বিক্রেতা লি জিনওয়ে জানিয়েছেন, আমরা ঘটনার কথা জানার পরেই টি-শার্টটি এনেছি। তবে প্রিন্ট করার আগেই দেখা গেল যে চীন আর আমেরিকা থেকে অন্তত ২০০০ অর্ডার চলে এসেছে। তিনি বলেন, ডিজিটাল প্রিন্টিং টেকনোলজির মাধ্যমে এই প্রিন্টিং দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। একেবারে হটকেকের মতো বিক্রি হচ্ছে এই ধরনের টি-শার্ট।

ব্যবসায়ীরা জানান, ডিজিটাল প্রিন্টিং মেশিনে এক ঘণ্টায় অন্তত ৮টি টি-শার্ট তৈরি করা সম্ভব। এই সব টি-শার্টই এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অনেকেই সেটা অর্ডার করা শুরু করেছেন। এরপরই আর দেরি না করে একের পর এক টি শার্ট তৈরি করা শুরু করেন তারা।