কোটা সংস্কারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

বৈষম্যমূলক কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার (১৪ জুলাই) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয় এ মিছিল। মিছিলটি বরিশাল-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেইটে এসে শেষ হয়।

এর আগে বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা কোটার যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত সকল ধরনের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

কোটা সংস্কার আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয় সমন্বয় কমিটির অন্যতম সদস্য সুজয় শুভ বলেন, আমরা চাই পড়ার টেবিলে ফিরে যেতে। এই রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে রাস্তায় থাকতে আমরা আগ্রহী নই। রাষ্ট্রপক্ষ যদি আমাদের দাবি মেনে নেয় তাহলে আমরা বিজয় মিছিলের মাধ্যমে ঘরে ফিরে যাব। অন্যথায়, আমরা আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচির দিকে যাব।

।মশাল মিছিলে শিক্ষার্থীরা আঠারোর তামাশা,আর না আর না, আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার সহ নানা স্লোগান দেন।

এর আগে বেলা সাড়ে এগারোটায় বরিশাল নগরীর বেলস পার্ক থেকে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের জন্য সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণপদযাত্রা ও জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছে স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা