সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করার অভিযোগে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ভেঙে মহাসড়কে বিক্ষোভ শুরু করেন তারা।
এর আগে দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মিছিলগুলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে এসে জড়ো হয়। পরে দিবাগত রাত সোয়া ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে অবস্থান নেন। এ সময় প্রধান ফটকটির তালাবদ্ধ থাকলে সেটি ভেঙে বাইরে আসেন আন্দোলনেকারীরা। মহাসড়কে প্রায় আধা ঘণ্টা অবস্থান করার পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে সেখান থেকে সরে যান তাঁরা।
রাত ১২টা ৫৫ মিনিটের দিকে এ প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা 'চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার', 'তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার', 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো' ইত্যাদি স্লোগান দেন।
নাম প্রকাশ না করা শর্তে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, 'রাষ্ট্রের একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদের 'রাজাকার' বলে সম্বোধন করেছেন। এর প্রতিবাদে আমরা মধ্যেরাতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেছি। যে এই কথা বলেছেন, তাঁকে জনোসম্মুখে ক্ষমা চাইতে হবে।'