নবীনদের পদচারণায় মুখর রাবি, র‍্যাগিং করলে কঠোর ব্যবস্থা

আপডেট : ১১ মে ২০২৬, ০১:২৩ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। রবিবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

নবীনদের স্বাগত জানাতে রঙিন আলপনা, ফুল, নকশা ও সৃজনশীল সাজসজ্জায় বিভাগগুলোর প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়। বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে ফুল, কলম, কারিকুলাম, ক্লাস রুটিনসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। ওরিয়েন্টেশন পর্বে শিক্ষকেরা নবীনদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা মেনে চলার পরামর্শ দেন। 

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, সকাল থেকেই নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের ৭৫৩ একর ক্যাম্পাস। জোহা চত্বর, বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, ইবলিশ চত্বর, টুকিটাকি চত্বর ও আমতলায় নতুন শিক্ষার্থীদের আড্ডা দিতে দেখা যায়। হাতে ফুল নিয়ে নতুন বন্ধুদের সঙ্গে দল বেঁধে ক্যাম্পাস ঘুরে বেড়ান অনেকে। প্যারিস রোডসহ বিভিন্ন স্থাপনার সামনে ছবি তুলতেও দেখা যায় তাদের। নবীনদের সঙ্গে অনেক অভিভাবকও ক্যাম্পাসে উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন শেষে মমতাজউদ্দিন একাডেমিক ভবনের সামনে কথা হয় অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থী সাকিব আহমেদের সঙ্গে। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এত সুন্দর আয়োজনের মাধ্যমে আমাদের বরণ করে নেওয়া হবে, সত্যিই ভাবিনি। ক্লাসের নতুন বন্ধু ও সিনিয়র ভাইয়েরা সবাই আন্তরিক। মনে হচ্ছে, আমি এক নতুন পরিবার পেয়েছি।’

বগুড়া থেকে আসা নৃবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী মুশফিকুর রহমান অনির চোখেমুখেও ছিল উচ্ছ্বাস। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জ্যেষ্ঠদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে। মনে হচ্ছে নতুন পরিবার পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিষ্টাচার সম্পর্কে জেনে ভালো লাগছে।’

হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থাপনা বিভাগের নবীন শিক্ষার্থী সনেট বলেন, ‘দীর্ঘ ভর্তিযুদ্ধ শেষে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি। নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে চাই। সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই।’

এদিকে নবীনদের র‍্যাগিং করলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টরিয়াল বডির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘র‍্যাগিং একটি সামাজিক অপরাধ। এর ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি র‍্যাগিংয়ের শিকার শিক্ষার্থীর মানসিক বিপর্যয় সৃষ্টি হয়। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোথাও কোনো ধরনের র‍্যাগিং না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছে। কেউ র‍্যাগিং করলে বা কাউকে র‍্যাগিং করতে প্ররোচিত করলে প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিভাগের সভাপতির অনুমতি ছাড়া বিভাগের অন্য কোনো বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে নবীনদের পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠান করা যাবে না।’

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয় জীবন তাদের জন্য মধুর হোক। একইসঙ্গে সতর্ক করে দিতে চাই, র‍্যাগিং আইনত দণ্ডনীয় এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কাজ। কোনো শিক্ষার্থী এতে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছি।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত