ঢাবিতে ছাত্রলীগ-আন্দোলনকারী মুখোমুখি, ইট-পাটকেল নিক্ষেপ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। একদিকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে। দু’পক্ষের মধ্যে থেমে থেমে ইট-পাটকেল নিক্ষেপ চলছে।

সোমবার (১৫ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় এ ঘটনা ঘটে। আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ পেয়ে কয়েক হাজার শিক্ষার্থী রাজু ভাস্কর্য থেকে হল পাড়ায় অবস্থান নেয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাত্রলীগের নেতাকর্মীরা হলে অবস্থান করে সেখান থেকে হুঙ্কার দেয় আর ইট মারতে দেখা যায়। আর অন্যদিকে শিক্ষার্থীরা তাদের উদ্দ্যেশ্যে ইট পাটকেল মারতে থাকে। বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

এর আগে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল এবং বঙ্গবন্ধু হলের ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর হামলা করে। এতে তিনজন আহত হন বলে জানান আন্দোলনকারীরা। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।