একের পর এক দুর্নীতির খবর ফাঁস হচ্ছে। এরইমধ্যে দেশে বেশ কিছু দুর্নীতিবাজের মুখোশ উন্মোচন হয়েছে। এসব ঘটনা নিয়ে বিমসিত দেশের মানুষ।
বিস্ময় প্রকাশ করেছেন অভিনেতা আফসাল হোসেনও। সোমবার সকালে ফেসবুকে একটি লেখা পোস্ট করেছেন গুণী অভিনেতা আফজাল হোসেন আফজাল হোসেন। যেখানে তিনি বলেছেন, যারা অন্যায় করে তাদের কলিজা বড়, আল্লাহ-আইনের ভয় করে না।
আফজাল হোসেন বলেন, একটু ভালো জীবনের আশায় শত চেষ্টা করেও কোটি কোটি মানুষের ভাগ্য বা কপাল বদলায়নি, বদলেছে কপালের খানিকটা ওপরের দিক। হয় কপালে পড়েছে ভাঁজ অথবা মাথার চুল হতাশার ঠ্যালা-গুঁতোয় হয়েছে উধাও।
আফজাল হোসেন বলেন, কষ্টের জীবন নিয়ে মানুষের অত ক্ষোভ-অশান্তি ছিল না। ক্ষোভ আর অশান্তি মন্দ মানুষদের নিয়ে—যাদের চাওয়া অশেষ, পাওয়ারও শেষ নেই। ঘোরতর অন্যায় তারা হাসতে হাসতে করতে পারে। অথচ যারা সাধারণ—অন্যায়ের দিকে এক পা বাড়াতে কেঁপে মরে। ভাবে, অন্যায় যদি করি—দেশের আইন গলা চেপে ধরবে, আবার ওপরওয়ালা শেষবিচারের দিন একচুলও ছাড় দেবেন না।
গুণী এই অভিনেতা বলেন, দেশের চোর-ডাকাতগুলোর কলিজা বড়। তারা দেশের আইন বা আল্লাহ—কিছুরই ভয় করে না। ভাবে, আমি আমরা সবাইকে তুষ্ট করেই যা করার করছি। অন্যায়কারী অন্যায় একা করে না, অনেককে দিয়ে-থুয়েই করে—সেটাই তাদের সাহস ও শক্তি জোগায়।
সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ভালো মানুষেরা দীর্ঘশ্বাস ফেলে—আমাদের ভয়ডর এত কেন! চোর, ডাকাত, লুটেরারা সংখ্যায় বাড়তে বাড়তে নিকট পর্যন্ত এসে গেছে—সেই তাপে কারও কারও মনে হয়, সবাই করছে যখন, এক-আধটু নিজে করলে অসুবিধা কী! ওই ভাবা পর্যন্তই। ঠকতে ঠকতে জীবন তলানিতে পৌঁছেছে, তবু একদল মানুষ ভালো হয়ে থাকবার বাসনাটা টিকিয়ে রাখে। সে চেষ্টা কি সমাদর পায়? পায় না।