সাগরিকায় তিন সেঞ্চুরি, জিশানের ১৩ ছক্কা

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হয়েছে বিসিবি হাই পারফরম্যান্স দল ও বাংলাদেশ টাইগার্স দলের মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচের সিরিজ। সোমবার ছিল ৫০ ওভারের ম্যাচ যেখানে এইচপি দল ১৩৭ রানে হারিয়েছে বাংলাদেশ টাইগার্সকে। জিশান আলম ১৩ ছক্কায় করেছেন ১২৭ রান। সেঞ্চুরি করেছেন আফিফ হোসেন এবং আকবর আলীও। এইচপি'র ৫০ ওভারে ৫ উইকেটে করা ৪০৩ রানের জবাবে বাংলাদেশ টাইগার্স অলআউট ২৬৬ রানে।

হাইপারফরম্যান্স দলটা মূলত তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া যারা গত কয়েক বছরে যুব দল থেকে উঠে এসেছেন। অন্যদিকে বাংলাদেশ টাইগার্সে জাতীয় দলে খেললেও এই মূহূর্তে বাইরে আছেন এমন ক্রিকেটারই বেশি। এনামুল হক বিজয়, মমিনুল হক, সাইফ উদ্দিন, মেহেদি হাসান মিরাজ, নাঈম শেখ, নাঈম হাসানরা সব টাইগার্সে। অন্যদিকে তানজিম হাসান সাকিব, জিশান আলম, আফিফ হোসেন, আকবর আলী, রুহেল মিয়া, মাহফুজুর রহমান রাব্বিরা এইচপি দলে। তারাই কি না বিশাল ব্যবধানে হারিয়ে দিল লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসা ক্রিকেটারদের দলকে। জিশানের ১৩ ছক্কা আর ৬ বাউন্ডারিতে ৭৮ বলে ১২৭ রানের ইনিংসের পর আফিফের ৭৪ বলে ১০৩ ও আকবরের ৭৪ বলে ১০২ রানের ইনিংস। এইচপির তিন ব্যাটসম্যানের সেঞ্চুরিতে রান ৫০ ওভারে ৫ উইকেটে ৪০৩। সাইফ উদ্দিন ৬ ওভারে দিয়েছেন ৫১ রান, মিরাজ দিয়েছেন ৫২ রান।

জবাবে নাঈম যখন ৪০৪ রান তাড়ায় ৫৫ বলে ৪৯ রানের ইনিংস খেলেন তখনই স্পষ্ট হয়ে যায় কোন দিকে যাবে ম্যাচের ভাগ্য। এনামুলের ১, সাইফ হাসানের ২৩ বলে ১৫,মমিনুলের ২৬ বলে ২৬ রানের ইনিংসগুলোই বলে দেয়, এই রান তাড়া করে জেতার কোন প্রচেষ্টাই করেনি টাইগার্স দল। ৪৭.২ ওভারে ২৬৬ রানেই অলআউট টাইগার্স, ওয়াসি সিদ্দিকি আর মাহফুজুর রাব্বি নিয়েছেন ২ উইকেট আর আলিস আল ইসলাম নিয়েছেন ৩ উইকেট। তাতেই শেষ টাইগার্স। পরবর্তী প্রস্তুতি ম্যাচটি টি-টোয়েন্টি, অনুষ্ঠিত হবে একই মাঠে। ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়।