জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূ ও তার পাঁচ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাগজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের মনিরুজ্জামান মিঠুর স্ত্রী শাহনাজ বেগম (২৫) ও তার ছেলে শোয়াইব (৫)।
পাঁচবিবি থানা পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধূ শাহানাজ ও তার পাঁচ বছর বয়সী ছেলে শোয়াইবকে সঙ্গে নিয়ে রেল লাইনের উপর দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, ‘স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সান্তাহার রেলওয়ে জিআরপি পুলিশকে বলা হয়েছে। বিষয়টি শান্তাহার জিআরপি পুলিশ দেখছে।