চলমান কোটা সংস্কারের দাবি আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ঘটেছে হামলার ঘটনা। এসব বিষয় নিয়ে মুখ খুলতে শুরু করেছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। এবার যোগ হলো অভিনেতা নিলয় আলমগীরের নাম।
নিজের ফেসবুকে আজ মঙ্গলবার নিলয় লিখেছেন, আজকের ছাত্র ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যত। তারাই এক সময় দেশের হাল ধরবে। এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন।
এরপর লিখেছেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র।
সবশেষে অভিনেতা লেখেন, মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন। আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মতো না। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে।
এদিকে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার নানা-দাদা মুক্তিযোদ্ধা। আমার কোটা লাগে না। অনেক চাকরি আছে, কেন শুধু সরকারি চাকরিই করতে হবে। আর কিছু কোটা থাকলে সমস্যাটা কি? এত মারামারি কেন?’
অপর এক স্ট্যাটাসে এই অভিনেত্রী লেখেন, ‘আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু উচ্চ কন্ঠে অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলার সাহস নেই তাহলে আপনি একটা আবর্জনা। রাজাকার। বিশেষ দ্রষ্টব্য- আমি কোটা আন্দোলন নিয়ে কিছু বলিনি ভাই। আমার ব্যক্তিগত সমস্যা নিয়ে বলছি।’
শুধু মিষ্টি জান্নাতই নয়, শিক্ষার্থীদের আন্দোলনে সরব হয়েছেন আরও অভিনয়শিল্পীরাও। চিত্রনায়িকা পরীমণি তার ফেসবুক হ্যান্ডেলে এক ছাত্রীর উপর হামলার ছবি প্রকাশ করে লিখেছেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।
শিক্ষার্থীদের উপর হামলার বেশ কিছু ছবি প্রকাশ করে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র।’
অভিনেত্রী রুনা খান, হামলার শিকার ভীত এক ছাত্রীর ছবি প্রকাশ করে হৃদয়ভাঙা ইমোজি দিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
চলমান এ ইস্যু নিয়ে কথা বলেছেন তারকাদের অনেকে। সালমান মুক্তাদির, তাসরিফ খান, শিরোনামহীন নব্যান্ডের দলনেতা জিয়াউর রহমানসহ অনেকে।