কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস থেকে পালিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্স হলের সামনে থেকে মোটরসাইকেলে করে পালান তিনি। এসময় তার সঙ্গে কয়েকজন সহযোগী ছিলেন। অপরদিকে বিক্ষোভ চলাকালে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুকে ক্যাম্পাসে কোথাও দেখা যায়নি।
মোটরসাইকেলে চড়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদকের ক্যাম্পাস থেকে পালানোর একটি ভিডিও ফুটেজ এসেছে এই প্রতিবেদকের হাতে। ভিডিওতে দেখা যায়, মাদার বখ্স হলের সামনে কয়েকজন সহযোগী নিয়ে অবস্থান করছিলেন গালিব। এ সময় শহীদ কামারুজ্জামান হলের পাশ দিয়ে বিক্ষোভকারীদের একটি অংশ মাদার বখ্স হলের দিকে ধাওয়া করে এগিয়ে আসেন। বিক্ষোভকারীদের দেখেই দ্রুত মোটরসাইকেলে উঠে ক্যাম্পাস ত্যাগ করেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব।
এ বিষয়ে জানতে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবকে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।
এর আগে আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল পৌনে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ঢাকা-রাজশাহী মহাসড়ক হয়ে প্রধান ফটকের ভেতর দিয়ে প্যারিস রোডে যায়। সেখান থেকে মিছিলটি বিভিন্ন আবাসিক হলের সামনে দিয়ে প্রদক্ষিণ করে। এই প্রতিবেদন লেখার সময় বিকেল ৪টা ৩৫ মিনিটে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে বিক্ষোভ করছেন।