কোটা সংস্কার চেয়ে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের অতর্কিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে ফুঁসে ওঠেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর ১২টায় পবিপ্রবির টিএসসি চত্বরে সমবেত হয়ে আট শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হয়। ক্যাম্পাসের প্রধান সড়ক, দুমকি-বাউফল সড়ক, নূতন বাজার হয়ে জয়বাংলা ভাস্কর্যের পাদদেশে গিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান মিলু, হাসিবুল এলাহী, ৩য় বর্ষের ছাত্র নুরুন্নবী সোহান ও অনিরুদ্ধ সরকার জয় প্রমুখ। এ সময় বক্তারা তাদের সহপাঠীরা কেন আহত হয়েছে তার জবাব চাওয়াসহ কোটা সংস্কারের দাবি জানান।