বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা- সিলেট মহাসড়কে অবরোধ করেছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৪টায় মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় আন্দোলনকারীরা প্রায় দুই ঘণ্টা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে।
এ সময় মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান হবিগঞ্জ-লাখাই -শায়েস্তাগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) খলিলুর রহমান ও চুনারুঘাট-মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নিমর্লেন্দু চক্রবর্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তারা আন্দোলনকারীদের সাথে বারবার আলোচনা করেন। কিন্তু শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি চালিয়ে যায়। শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলার ছাত্রলীগ কর্মীদের সাথে কোটা আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। অবরোধচলাকালে যাত্রীরা পড়েন চরম বিপাকে। প্রচণ্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে গর্ভবতী নারীরা ছিলেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নিমর্লেন্দু চক্রবর্তী বলেন, জনগণের যাতে জানমালের ক্ষতি না হয়, তাদের যেন দুর্ভোগ পোহাতে না হয়, সেই চেষ্টাই আমরা করছি। আন্দোলনকারীরা যদি কোন ধংসাত্মক কার্যক্রমে জড়ায় তাহলে পুলিশ কঠোর হবে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।