সরকারি চাকরিতে কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে প্রায় সাড়ে ছয় ঘণ্টা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল তিনটা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। সাড়ে তিনটা নাগাদ প্রায় দেড় হাজার শিক্ষার্থী জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। পরে রাত সাড়ে ১০টায় মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষ করে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচি রাতে জানানোর কথা বলেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মহাসড়ক অবরোধ করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাবে বলে জানান।
কোটা সংস্কার আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয় সমন্বয় কমিটির অন্যতম সদস্য সুজয় শুভ বলেন, অফিস আদেশ জারি হয়ে গেছে। বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ হবে না। কেউ বন্ধ করতে আসলে খবর আছে। সবাই কর্মবিরতিতে। একমাত্র আমরাই আছি। বিশ্ববিদ্যালয় বন্ধ হবে কি হবে না তা ঠিক করবে বরিশাল বিশ্ববিদ্যালয়।
তিনি আরো বলেন, হল খালি করতে পারবে না। বিদ্যুৎ লাইন কেটে দিলে, পানির লাইন কেটে দিলেও আমরা হল থেকে নামব না।