সব ভাষা অনুবাদ হবে হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। প্রতিনিয়ত কয়েকশ কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন। জনপ্রিয়তা ধরে রাখতে প্রতিনিয়তই আপডেট করা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন সুবিধা। এখন থেকে আলাদা আলাদা ভাষায় মেসেজ অনুবাদও করে দেবে এই অ্যাপ।

কীভাবে কাজ করবে : নতুন ফিচারকে কাজে লাগিয়ে যে কোনো ভাষায় লেখা মেসেজকে নিজের পছন্দমতো ভাষায় পড়তে পারবেন ব্যবহারকারীরা। অপশনটি অন করে দিলেই সব মেসেজই স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করে দেবে এই ফিচার। তবে এর ফলে ‘অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন’ কোনোভাবেই ব্যাহত হবে না। এর ফলে দারুণ সুবিধা মিলবে। অন্য কোনো ভাষার মেসেজকে নিজে যে ভাষায় স্বচ্ছন্দ তাতে রূপান্তরিত করা যাবে। এর আগেই নতুন একটি ফিচার যোগ করে হোয়াটসঅ্যাপ। যার সাহায্যে ভয়েস নোটের লিখিত রূপ দেওয়া যায়। যেখানে অডিও মেসেজ শোনায় সমস্যা রয়েছে, সেখানে তার লিখিত রূপ দেখে নিতে পারছেন ব্যবহারকারীরা। ‘স্পিচ রেকগনিশন টেকনোলজি’ ব্যবহার করে মুখের কথাকে লিখিত টেক্সটের রূপ দিচ্ছে নতুন ফিচার। এবার মেসেজ অনুবাদের বিষয়টিও ব্যবহারকারীদের হাতের মুঠোয় নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। আপডেট করলেই মিলবে এই সুবিধা।