নিরানন্দ একটা বিশ্বকাপ কেটেছে নাজমুল হোসেন শান্তর। তার ব্যাটিং, অধিনায়কত্ব, সিদ্ধান্ত সবই ছিল প্রশ্নবিদ্ধ। ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরার পর পরিবারকে সময় দিয়েছেন বেশি, ব্যক্তিগত অনুশীলনে খুব একটা দেখা যায়নি তাকে। মঙ্গলবার একটি পণ্যের বিশ্বকাপ প্রচারণায় আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসে বাংলাদেশের অধিনায়ক মুখোমুখি হলেন সাংবাদিকদের। আসন্ন পাকিস্তান সফরকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে নানান পর্বে। অস্ট্রেলিয়াতে হাই পারফরম্যান্স দল, ‘এ’ দলের পাকিস্তান সফর। সব মিলিয়ে প্রস্তুতি পর্বটা ভালোই মনে হচ্ছে শান্তর কাছে, ‘সিরিজের আগে সবাই প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাচ্ছে। আশা করি ভালোই হবে। সব পরিকল্পনাই করা আছে। প্র্যাকটিস ম্যাচ আছে এবং যাওয়ার আগে প্র্যাকটিস সেশনও থাকবে। এগুলো করে যতটা সম্ভব ভালো প্রস্তুতি নিয়ে যেতে চাই। এখানে বেশ কয়েকজন খেলোয়াড় আসবেন, যারা টি-টোয়েন্টিতে ছিলেন না। পাকিস্তান সিরিজের জন্য তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন।’ টেস্টে এখনই লেগস্পিনার রিশাদ হোসেনকে একাদশে দেখছেন না, ‘আমার মনে হয় না এই মুহূর্তে ও লাল বলের জন্য পুরোপুরি প্রস্তুত।’