ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি মানছেন না মালিকরা

মজুরি বোর্ড ও মালিকপক্ষ আইন ভঙ্গ এবং নতুন মজুরি ঘোষণায় গড়িমসি করছে। দেশের চামড়াশিল্পে জড়িত শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেত্রী শামীম আরা, যুগ্ম সমন্বয়ক নইমুল আহসান জুয়েল শ্রমিকদের দাবিদাওয়া তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকদের অসহযোগিতার প্রতিবাদ জানানোর পাশাপাশি শিক্ষানবিস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়। একই সঙ্গে শিক্ষানবিসকাল ৬ মাস করার দাবি জানান তারা।

এ ছাড়া গ্রেড-১ভুক্ত শ্রমিকদের বেতন ৪৩ হাজার ৪৪২, গ্রেড-৪ভুক্ত শ্রমিকদের বেতন ২৮ হাজার ৬৪০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।