গাজীপুরের শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কৃষক লীগ নেতার পায়ে গুলি করেছেন এক যুবলীগ নেতা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাওনা আলহেরা মেডিকেল সেন্টার নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাওনাবাজার-খানবাড়ি আঞ্চলিক সড়কের মাওনা মধ্যপাড়া এলাকায় এই গুলি বর্ষণের ঘটনা ঘটে। এ সময় গুলিতে আরও এক শ্রমিক লীগ নেতা আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গুলিবিদ্ধ কৃষক লীগ নেতা মেহেদি হাসান শওকত (৪২) মাওনা ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি ও ফুলবাড়িয়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে। আহত অপর ব্যক্তি হলেন কলিম উদ্দিন (৪০)। তিনি মাওনা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি।
গুলিবিদ্ধ মেহেদি হাসান শওকত বলেন, মাওনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রিপন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি ও তার সহযোগী গুলিবিদ্ধ হন।
তবে অভিযোগ অস্বীকার করে তরিকুল ইসলাম রিপন বলেন, ‘অসাবধানতাবশত নিজের ছোড়া গুলিতেই শওকত গুলিবিদ্ধ হয়েছেন। মিথ্যা অভিযোগ দিয়ে আমার নাম জড়ানো হচ্ছে।’
শ্রীপুর মডেল থানার ওসি আকবর আলী খান বলেন, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।