ওমান উপকূলে ডুবে গেছে প্রেস্টিজ ফ্যালকন নামের একটি তেলের ট্যাংকার। এতে নৌযানটির ১৬ জন ক্রু নিখাঁজ হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন ভারতীয় নাগরিক, তিনজন শ্রীলঙ্কান। বুধবার (১৭ জুলাই) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, জোর তল্লাশি চালানো হলেও ওই ট্যাংকারের ক্রু সদস্যদের এখনো খোঁজ মেলেনি। তবে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
সোমবার উপকূলে ডুবে যাওয়ার পর একটি তেলের ট্যাংকার ডুবে ১৬ ক্রু নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি)।
এক্সে দেওয়া এক পোস্টে এমএসসি জানিয়েছে, কমোরসের-পতাকাবাহী ট্যাংকারটি বন্দরনগরী দুকমের কাছে রাস মাদরাকাহ থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ডুবে গেছে। দুকম ওমানের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত।
শিপিং ওয়েবসাইট মেরিনট্র্যাফিক.কমের মতে, ট্যাংকারটি ইয়েমেনের বন্দর শহর এডেনের দিকে যাচ্ছিল। ১১৭ মিটার দীর্ঘ ট্যাংকারটি ২০০৭ সালে বানানো হয়।