দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিদেশিদের বসবাসের নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে ওমান। এখন থেকে দেশটিতে যেসব বিদেশি জমি বা বাড়ি ক্রয় এবং বিনিয়োগ করবেন, তারা কোনো ওমানি নাগরিকের স্পন্সরশিপ ছাড়াই সরাসরি ভিসা ও বসবাসের অনুমতি (রেসিডেন্সি) পাবেন। এর মাধ্যমে ধনী বিদেশি ও বিনিয়োগকারীদের জন্য ভিসা প্রক্রিয়া অনেকটাই সহজ করা হলো।
মঙ্গলবার (২৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
সংবাদমাধ্যমটি বলেছে, রয়্যাল ওমান পুলিশ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে পূর্বের বসবাস নীতিতে অনেক পরিবর্তন আনা হয়েছে।
যেসব বিদেশি ওমানে কোনো জমির-বাড়ির মালিক হয়েছেন কিন্তু এখনো রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেননি, তারাও এখন বসবাসের অনুমতি পেয়ে যাবেন।
ভিসা ও অনুমতি পেতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে শুধুমাত্র একটি সার্টিফিকেট দেখাতে হবে। এই সুবিধা সম্পদের মালিকের পরিবারের কাছের সদস্যরাও পাবেন। অপরদিকে যেসব কোম্পানি বিনিয়োগ করবে তাদের প্রতিনিধিরা এ সুবিধা ভোগ করতে পারবেন।
যারা জমি বা বাড়ির রেজিস্ট্রেশন করেননি তাদের প্রাথমিক অবস্থায় ছয় মাস থেকে এক বছরের ভিসা দেওয়া হবে। অপরদিকে কোম্পানির প্রতিনিধিরা কোনো স্পন্সর ছাড়া ভিসা পাবেন। আর ভিসা দেওয়ার তিন মাসের মধ্যে তাদের ওমানে প্রবেশ করতে হবে।