রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ তিন দাবিতে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) দুপুর পৌনে ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে এ দাবি উত্থাপন করেন তারা।
শিক্ষার্থীদের তিনটি দাবি হলো-রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকের মধ্যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে, দুপুর ২ টার মধ্যে বিশ্ববিদ্যালয় বন্ধের নোটিশ প্রত্যাহার করতে হবে এবং আবাসিক হলগুলো খুলে দিতে হবে৷
আন্দোলনকারীদের পক্ষ থেকে এসব দাবি তুলে ধরে স্টুডেন্টস রাইটস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহিম রেজা বলেন, 'আপনারা কর্মবিরতিতে থেকে কিভাবে সিন্ডিকেট সভা করেন। আপনাদের কর্মবিরতি কি শুধু টাকার জন্য? আমরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছি। তাহলে কেন বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ ঘোষণা করা হলো। আজকের মধ্যে আমাদের তিনটি দাবি মেনে নিতে হবে। মেস মালিক সমিতিকে চিঠি দিয়ে মেস ও বাসাগুলো খুলে দিতে হবে।' দাবি আদায় নাহলে তারা প্রশাসন ভবনের সামনেই অবস্থান করবেন বলে জানান তিনি।
এসময় প্রশাসন ভবনের ফটকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাউদসহ প্রক্টরিয়াল বডির সদস্যেরা উপস্থিত ছিলেন। এসময় তাদের উদ্দেশ্য করে আন্দোলনকারীদের 'ভুয়া-ভুয়া' বলে স্লোগান দিতে দেখা গেছে। এখন পর্যন্ত আন্দোলন অব্যাহত রয়েছে।