কোটা আন্দোলন নিয়ে বললেন তানজিন তিশা 

শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক

কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারা দেশ। এক দফা এক দাবিতে রাজপথে নেমে এসেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের রেশ ধরে ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনায় শতাধিক ছাত্রছাত্রী আহত হয়েছেন, নিহত হয়েছেন ৬জন।

আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশের মানুষ। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ তারকারাও। ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলায় প্রতিবাদে সরব হন। 

বুধবার (১৭ জুলাই) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে চলমান সংকটের সমাধান প্রত্যাশা করে অভিনেত্রী তানজিন তিশা লিখেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরা আগামীর দেশ গড়ার কারিগর। কিন্ত আজ ভালো নেই আমার দেশ, আমার শহর। শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক। খুব দ্রুত চলমান সংকটের সমাধান হবে সেটাই প্রত্যাশা করছি।

প্রসঙ্গত, সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিহতদের স্মরণে গায়েবানা জানাজার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী আজ বুধবার ৪টার পর থেকে গায়েবানা জানাজা পড়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্ত্বরে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

এ সময় তাদের ছত্রভঙ্গ করতে ব্যাপক সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে নিক্ষেপ করে পুলিশ। এতে শিক্ষার্থীরা দিগ্বিদিক ছুটতে শুরু করেন।