জাবিতে পুলিশ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। রাবার বুলেটের আাঘাত ও টিয়ারশেলের ধোঁয়ায় এখন পর্যন্ত ২০ জন আহত হয়েছেন।

আজ বুধবার বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহতরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিকভাবে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে দুপুর ১টা থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও পুলিশ কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন সড়কে মুখোমুখি অবস্থান করছিলেন। বিকেল পাঁচটার দিকে পুলিশ শিক্ষার্থীদের হলে ফিরে যেতে বললে তারা অস্বীকার করে। পরে পুলিশ শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, আমরা তাদের অনেক সময় ধরে বুঝিয়েছি। তারা চাইলে হলে ফিরে যেতে পারত। কিন্ত তারা না করে বিক্ষুব্ধ হয়ে ওঠে। আমরা বাধ্য হয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনানুগ ব্যবস্থা নিয়েছি।