রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসনিক ভবনে অবরুদ্ধ

পাঁচ দফা দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারসহ প্রশাসনের কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারীরা। এসময় তাদের আটকে রেখে ভবনের গেটে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।

আজ বুধবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে এ ঘটনা ঘটে। পরে বিকাল ৪টায় উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তাদের জন্য খাবার নিয়ে কয়েকজন কর্মচারী ভবনে প্রবেশ করতে চাইলে, শিক্ষার্থীরা খাবার ছিনিয়ে নিয়ে আন্দোলনরত নারী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে দেয়। বিকেল সাড়ে ৫টায় এ সংবাদ লেখা পর্যন্ত উপাচার্য অবরুদ্ধ রয়েছেন। 

শিক্ষার্থীরা বলেন, আমরা না খেয়ে এখানে সকাল থেকে আছি, যতক্ষণ আমাদের দাবি মানা না হবে, ততক্ষণ স্যারদেরও খাওয়ার অধিকার নেই। উনারা আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে, আমরা তাদের খাবার ছিনিয়ে নিয়েছি। 

এদিকে বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের দশ জন শিক্ষার্থী প্রতিনিধি ও ৬ জন সাংবাদিক প্রতিনিধির সাথে মিটিং এ বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এই আলোচনা শিক্ষার্থীদের আস্বস্ত করতে পারেনি। পাশাপাশি, প্রশাসন ভবনের বাইরে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ভবনে ঢোকার অভিপ্রায়ে আলোচনা বিনা ফলেই শেষ হয়েছে।

এর আগে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে লিখিতভাবে পাঁচ দফা দাবি জানায় আন্দোলনকারীরা। দুপুর ২টার মধ্যে এসব দাবির ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে দাবি জানান শিক্ষার্থীরা।