প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাঁদের সঙ্গে সন্ত্রাসীদের কোন সম্পর্ক নেই। বরং সন্ত্রাসীরা তাদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে আজ বুধবার জাতীর উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। চট্টগ্রামে সন্ত্রাসীরা ছাত্রদের হত্যার উদ্দেশ্যে বহুতল ভবনের ছাদ থেকে নির্মমভাবে নিচে ছুড়ে ফেলেছে। অনেক ছাত্রদের হাত-পায়ের রগ কেটে দেয়। তাদের লাঠিপেটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। একজন মৃত্যুবরণ করেছে, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঢাকা, রংপুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও ছাত্রছাত্রীদের আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়েছে। মেয়েদের হলে ছাত্রী আক্রমণ ও তাদের লাঞ্ছিত করা হয়েছে।
তিনি বলেন, আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাঁদের সঙ্গে সন্ত্রাসীদের কোন সম্পর্ক নেই। বরং সন্ত্রাসীরা তাদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করছে। এই ধরণের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জীবন-জীবিকার জন্য যা প্রয়োজন সে ব্যবস্থা করা হবে।