ফুটবলে নয় ক্রিকেটের বৈশ্বিক পুরস্কার জিতে চমক মেক্সিকোর

এবারের কোপা আমেরিকায় কনকাকাফের আমন্ত্রিত দলগুলোর মধ্যে শক্তিশালী একটি দেশ ছিল মেক্সিকো। অতীত ঐতিহ্য ও ওজনের প্রতিফলন মাঠের ফুটবলে দেখাতে নিা পেরে তারা বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। তবে সেই মেক্সিকোই এবার চমক দেখিয়েছে ক্রিকেটে। মেক্সিকো সিটিতে জেলখানার বন্দিদের পুনর্বাসনের অংশ হিসেবে ক্রিকেট সেশন পরিচালনা করার মতো উদ্যোগ গ্রহণের স্বীকৃতি স্বরূপ তারা জিতে নিয়েছে আইসিসি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড।

ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এ পুরস্কার প্রদান করে থাকে। মেক্সিকো ছাড়াও এ বছর আইসিসি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে ওমান, নেদারল্যান্ডস, আরব আমিরাত, নেপাল ও স্কটল্যান্ড।

মেক্সিকো পুরস্কার জিতেছে ‘আইসিসি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অফ দ্যা ইয়ার’ ক্যাটাগরিতে। মেক্সিকো ক্রিকেটের চেয়ারম্যান বেন ওয়েন এই পুরস্কারকে আখ্যা দিয়েছেন ‘বিশাল এক সম্মান’ হিসেবে।

মধ্যপ্রাচ্যের দেশ ওমান চমক দেখিয়েছে নারী ক্রিকেটের উন্নয়নে কাজ করে। ‘ক্রিকেটফরহার’ প্রকল্পের মাধ্যমে নারী প্রতিভা খুঁজে বের করা, পরিচর্যা করা, স্কিল শাণিত করা ও নারীর ক্ষমতায়নের উদ্যোগের জন্য তারা জিতেছে ‘১০০% ফিমেল ক্রিকেট ইনিশিয়েটিভ অফ দ্যা ইয়ার’।

‘মেন’স পারফরম্যান্স অফ দ্যা ইয়ার’ পুরস্কার জিতেছে বিগত দুই বিশ্বকাপে চমক দেখানো নেদারল্যান্ডস। ‘বিয়ন্ড বাউন্ডারিস’ নামের একটি চ্যারিটি সংস্থার সঙ্গে সম্পৃক্ত হয়ে তরুণ, সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষ, নারী ও প্রতিবন্ধিতাসম্পন্নদের জন্য ক্রিকেটের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কারণে ‘ক্রিকেট ফর গুড সোশাল ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ’ পুরস্কার পেয়েছে স্কটল্যান্ড।

‘উইমেন’স পারফরম্যান্স অফ দ্যা ইয়ার’ জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত করা আরব আমিরাত। ‘আইসিসি ডিজিটাল ফ্যান এনগেজমেন্ট ইনিশিয়েটিভ অফ দ্যা ইয়ার’ পুরস্কার জিতে নিয়েছে এশিয়ার আরেকটি দেশ নেপাল।