এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর প্রজন্মের হিসেবে একটি বড় পরিবর্তনের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট। দেশটির সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনের পর কেন্দ্রীয় চুক্তিতে আবদ্ধ না থাকার ঘোষণা দিয়েছেন দুই ফাস্ট বোলার লকি ফার্গুসন ও অ্যাডাম মিলনে। এ ঘটনাকে দেশটির ক্রিকেটের জন্য সম্ভাবনা হিসেবে দেখছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার টম ল্যাথাম।
ল্যাথাম বলেন, ‘কেনের মতো একজনকে না পাওয়া কখনোই ভালো কিছু নয়। তবে এটা অন্যদের সুযোগ করে দিচ্ছে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলার। আমার মনে হয়, অনেক বছর ধরেই আমরা দেখছি যে, আইপিএল খেলা বা বিশ্রামের কারণে নানা সময়েই আমাদের সিনিয়র ক্রিকেটারদের পাইনি। সিনিয়র ক্রিকেটার হিসেবে এটা আমাদেরকে সুযোগ করে দিচ্ছে এগিয়ে আসার এবং নেতৃত্ব দেওয়ার। পাশাপাশি অতীতে যারা সুযোগটা পাননি, তাদের জন্যও এখন সুযোগ নেতৃত্বস্থানীয় বিভিন্ন দায়িত্বে এগিয়ে আসার।’
ল্যাথাম নিজে থেকে ওয়ানডে সংস্করণের অধিনায়কত্ব নিতে প্রস্তুত। বলেন, ‘এটা হবে সত্যিকারের সম্মানের। আমি সবসময়ই চেষ্টা করেছি, দলকে যতটা সম্ভব সবকিছুর ওপরে রাখতে এবং আমি নিশ্চিত তারা (নিউজিল্যান্ড ক্রিকেট) এই আলোচনা করবেন যে, দলের দিক থেকে কোনটি জরুরি। আমাকে যদি সেটা করার সুযোগ দেওয়া হয়, অবশ্যই এটা স্পেশাল কিছু হবে।’
উইলিয়ামসন অবশ্য জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি তার পূর্ণ নিবেদন থাকবে। তবে আগামী জানুয়ারিতে জাতীয় দলের খেলা বাদ দিয়ে এসএ টোয়েন্টিতে খেলবেন তিনি। এজন্যই নিজেকে দূরে রাখছেন কেন্দ্রীয় চুক্তি থেকে। ওই সময় শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের কয়েকটি ম্যাচে তাকে পাবে না নিউজিল্যান্ড।
গত সাত বছরে নানা সময়ে উইলিয়ামসনের অনুপস্থিতিতে ৪৪টি ওয়ানডেতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন ল্যাথাম। এমনকি বিশ্বকাপেও তিনি অধিনায়কত্ব করেছেন। এর ২৮টিতেই জিতেছে দল। পাশাপাশি ৯ টেস্ট ও ১৩ টি-টোয়েন্টিতে নেতৃত্বের অভিজ্ঞতাও আছে ৩২ বছর বয়সী এ উইকেটকিপার-ব্যাটসম্যানের। তার সাধারণ ব্যাটিং গড় যখন ৩১.১২ সেখানে অধিনায়কত্ব করা ম্যাচগুলোতে তার গড় ৪৩.৮৩।
শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটারকে গুলি করে হত্যা
অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে মেসি