মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন 

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট রওনা হলেও পুলিশ প্রটেকশনের অভাবে পৌঁছতে পারছে না। এ ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব, পুলিশ ও বিজিবি কাজ করছে। সেইসঙ্গে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছুড়ে কোটা আন্দোলনকারীদের সরিয়  দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঘটনার সূত্রপাত হয়। এরপর থেকে পুলিশ, আওয়ামী লীগ ও কোটা আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলতে থাকে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, টোল প্লাজায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে পুলিশ প্রটেকশনের অভাবে রাস্তায় আটকে আছে।

যাত্রাবাড়ী থানার এসআই আমিনুল হক বলেন, টোলপ্লাজায় আগুন দিয়েছে আন্দোলনকারীরা। ধাওয়া-পাল্টা-ধাওয়া হচ্ছে। সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ জানিয়েছে, যাত্রাবাড়ী থানা থেকে কুতুবখালী পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ। অন্যদিকে, হানিফ ফ্লাইওভারের কুতুবখালী টোলপ্লাজা, মোটরসাইকেল ও সিএনজি পুড়িয়ে দিয়েছে আন্দোলনকরীরা। এর আগে যাত্রাবাড়ী থানায় হামলার ঘটনা ঘটে। থানার সামনে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।