চীনের দক্ষিণ-পশ্চিমে সিচুয়ান প্রদেশের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৬ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় জিগং শহরের একটি ১৪ তলা শপিং ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সি। খবর রয়টার্স ও সিএনএন।
সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, বুধবার সন্ধ্যায় জিগং শহরের একটি হাই-টেক জোনের একটি ১৪ তলা ভবনে আগুন ছড়িয়ে পড়েছিল। সে সময় ঘন ধোঁয়ায় আশেপাশের এলাকা ঢেকে যায়।
স্থানীয় দমকল বিভাগ থেকে প্রায় ৩০০ জরুরি কর্মী এবং কয়েক ডজন দমকলের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আটকে পরা প্রায় ৩০ জনকে আগুন থেকে উদ্ধার করে। রাতভর উদ্ধার কাজ ভোর ৩টায় শেষ হয়।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে নির্মাণ কাজের কারণে আগুন লেগেছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ শনাক্ত করতে আরও তদন্ত চলছে।