ছাত্রলীগ নেতা রাকিব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জের শিবালয়ে ছাত্রলীগ নেতা রাকিব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়েক এলাকার লোকজন এ মানববন্ধনে অংশ নেন। 

মানববন্ধনটি দশচিড়া গ্রাম থেকে শুরু হয়ে টেপড়া বাসস্ট্যান্ডে সমবেত হয়। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ৭ জুলাই সন্ধ্যায় দশচিড়া খেলার মাঠ এলাকায় প্রতিপক্ষের লোকজন রাকিবসহ তিনজনের ওপর হামলা চালায়। এ সময় দুজন পালিয়ে গেলেও এলোপাতাড়ি কোপে আহত হন রাকিব।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।

এ নিয়ে নিহতের বাবা বাদী হয়ে শিবালয় থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে হত্যাকারীরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আয়োজিত মানববন্ধনে কয়েক’শ নারী-পুরুষ অংশ নেন। 

মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খান, উলাইল ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বক্তব্য রাখেন। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হলে স্মারকলিপি প্রদান করা হয়। তিনি সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।