বিয়ের মাত্র তিন মিনিট পরেই বিচ্ছেদ!

বিয়ের স্থায়ীত্ব মাত্র তিন মিনিট! বিশ্বের সবচেয়ে কম সময়ের বিয়ে। শুনতে অবাক লাগলেও মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে এমন ঘটনা ঘটেছে।

মূলত বিয়ের কনেকে বর অপমান করায় বিচ্ছেদ ঘটিয়েছেন কনে নিজেই। সম্প্রতি এই খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আনুষ্ঠানিকতা সেরে আদালত কক্ষ থেকে বের হচ্ছিলেন নবদম্পতি। এ সময় হঠাৎ হোঁচট খেয়ে বরের গায়ে পড়ে যান নববধূ। সে সময় রেগে হোঁচট খাওয়া নিয়ে স্ত্রীকে স্টুপিড বা বোকা বলে চেঁচিয়ে ওঠেন স্বামী।

সদ্য হওয়া স্বামীর এমন আচরণে রেগে যান নববধূ। অপমানিত বোধ থেকেই আবার ছুটে যান বিচারকের কাছে। ঘটনা তুলে ধরে তাৎক্ষণিক বিচ্ছেদের আবেদন করেন ওই নারী। এমনকি বিচারকও নববধূর যুক্তি মেনে বিয়ে বাতিল করেন।

হিসেব মতো, বিয়ের মাত্র তিন মিনিটের মাথায় বিচ্ছেদ হয় দম্পতির। বলা হচ্ছে, কুয়েতের ইতিহাসে এটি সবচেয়ে স্বল্পস্থায়ী বিয়ে।

প্রকৃত ঘটনাটি ২০১৯ সালে হলেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যক্তির দেওয়া পোস্টের কারণে বিষয়টি আবারও নতুন করে ভাইরাল হয়েছে। এ নিয়ে নানা মত দিয়েছেন নেটিজেনরা।

ওই ব্যাক্তি এক্সে লিখেছেন, ‘আমি একটি বিয়েতে গিয়েছিলাম। সেখানে কনেকে তিরস্কার করে কথা বলতে দেখলাম বরকে। এমন তিরস্কার মেয়েকে বাবাই করে থাকেন। (কুয়েতের) ওই নারী যে কাজটি করেছেন, এই কনেরও তেমনটা করা উচিত ছিল।’

তবে খুব অল্প সময়ে বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা এর আগেও ঘটেছে। ২০০৪ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে স্কট ম্যাককি ও ভিক্টোরিয়া অ্যান্ডারসনের বিয়ের আনুষ্ঠানিকতা শেষের দেড় ঘণ্টার মাথায় ভেঙে যায়। কনের মেয়ে সঙ্গীদের সঙ্গে বরের ঘনিষ্ঠতায় ক্ষুব্ধ হয়ে ওই বিয়ে ভেঙে দিয়েছিলেন কনে।