দেশে চলে তালেবানি শাসন, প্রতি মুহূর্তে গুলি-বোমার আতঙ্কে থাকতে হয়। তাই হোম সিরিজগুলো ঘরের মাঠে খেলতে পারে না আফগানিস্তান। বেশিরভাগ সময় ভারতের মাটিতেই তারা হোম সিরিজগুলো আয়োজন করে। এছাড়া কখনো কখনো সংযুক্ত আরব আমিরাতকেও তারা ঘরের মাঠ বানায়। এবার ভারতে হোম সিরিজ খেলার জন্য তারা বিসিসিআই থেকে তিনটি মাঠ পেয়েছে।
এর আগে ধর্মশালাকে হোম গ্রাউন্ড বানিয়ে সিরিজ খেলত আফগানিস্তান। তবে এবার ধর্মশালার বদলে তাদেরকে তিনটি স্টেডিয়াম দেওয়া হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, গ্রেটার নয়ডা, ইন্দোর ও কানপুরের মাঠে নিজেদের হোম সিরিজ খেলতে পারবে আফগানিস্তান। প্রাধান্য দেওয়া হবে নয়ডার শহিদ বিজয় সিং পথিক স্টেডিয়ামকে। সেখানে ম্যাচ আয়োজন সম্ভব না হলে বাকি দুই ভেন্যুতে চেষ্টা করা হবে।
এর মাঝেই গত চার বছর ভারতের মাটিতে হোম সিরিজ খেলা বন্ধ ছিল আফগানিস্তানের। ওই সময় তারা আরব আমিরাতকে হোম গ্রাউন্ড বানিয়ে খেলত। সম্প্রতি উত্তর ভারতে দাবদাহের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের সাদা ও লাল বলের হোম সিরিজ বাতিল হয়। আগামী সেপ্টেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার টেস্ট ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান। এটাই হতে যাচ্ছে শহিদ বিজয় সিং পথিক স্টেডিয়ামে প্রথম কোনো টেস্ট ম্যাচ।