আড়াই বছরের সংসারে এক সন্তান রয়েছে। তারপরও অন্য নারীর সঙ্গে পরকীয়ায় জড়িত স্বামী। তাই সালিসি বৈঠকে স্ত্রী আসমান বিবিকে হত্যার জন্য কিলার নিয়ে হাজির হন স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতের বারুইপুর থানার বেলেগাছি সন্তোষপুর এলাকায়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সন্তোষপুরের জীবনতলা এলাকার বাসিন্দা নূর হোসেন ফকিরের বিয়ে হয়েছিল আসমান বিবির সাথে। কিন্তু তাদের সেই সম্পর্ক সুখের হয়নি। কারণ বিয়ের পরে অন্য এক নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নূর।
এই অবস্থায় দুজনের সম্পর্ক জোড়া লাগাতে গত ১৯ জুলাই বেলেগাছির নবপল্লীতে সালিসি সভা ডাকা হয়। এরপরই ঘটে বিপত্তি। এলাকায় খবর ছড়িয়ে পড়ে যে নারীর স্বামী কিলার নিয়ে সালিসি সভায় এসেছে। তাকে বন্ধু পরিচয় দিয়ে নুর সালিশি সভায় নিয়ে গিয়েছিল বলে অভিযোগ। তবে সাহিলের পরিচয় জানতেই খবর চলে যায় পুলিশে। পরে পুলিশ গিয়ে নারীর স্বামী ও কিলারকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রের খবর, সাহিল চিৎপুর এলাকার বাসিন্দা। সে একজন কুখ্যাত দুষ্কৃতি। সালিসি সভায় সাহিল আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও তাকে জিজ্ঞাসাবাদ করে ওই এলাকা থেকে আরও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন সাহিল ওই আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছিল।
ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে তোলা হবে। আদৌও সাহিল সুপারি কিলার কি না পুলিশ তা জানার চেষ্টা করছে। অভিযুক্ত স্বামী নূর ও সাহিল খানকে জিজ্ঞাসাবাদ করছে বারুইপুর থানার পুলিশ।