নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার উড্ডয়নের সময় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজের ১৯ আরোহীর মধ্যে ১৮ জন নিহত হয়েছেন। মারাত্মক এই দুর্ঘটনায় একমাত্র বেঁচে আছেন উড়োজাহাজটির পাইলট।
নেপালের বিভিন্ন সংবাদমাধ্যম ও বিমানবন্দরের কর্মকর্তা সূত্রে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
কাঠমান্ডুর পুলিশ জানিয়েছে, উড়োজাহাজটির পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নেপাল সিভিল এভিয়েশনের উদ্ধার সমন্বয় কেন্দ্রের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ১১ টায় এ মারাত্মক দুর্ঘটনাটি ঘটে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি উড্ডয়নের কয়েক মিনিট পরই বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত উড়োজাহাজটির মালিক স্থানীয় সংস্থা সৌর্য এয়ারলাইনস। সৌর্য এয়ারলাইনস নেপালে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে।
বুধবার সকালে সৌর্য এয়ারলাইনসের পরীক্ষামূলক উড়োজাহাজটি নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে পোখারার দিকে যাচ্ছিল। বিমানবন্দরের প্রধান জগন্নাথ নিরাউলা বিবিসিকে বলেন, বিমানবন্দর থেকে উড্ডয়নের সঙ্গে সঙ্গে দুর্ঘটনাটি ঘটে।
নেপালের সংবাদমাধ্যমগুলো বলছে, সৌর্য এয়ারলাইনসের পরীক্ষামূলক ফ্লাইটিতে ১৯ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে এয়ারলাইনসের কারিগরি কর্মীরা এবং দুজন ক্রু সদস্য ছিলেন।
উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে দুর্বল নিরাপত্তাব্যবস্থার জন্য নেপালের ব্যাপক সমালোচনা আছে। ১৯৯২ সালে নেপালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৬৭ জন নিহত হয়। ২০২৩ সালের জানুয়ারিতে দেশটিতে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৭২ জন নিহত হন।
নেপালের বিমানবন্দরে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৮