প্রচারে নেমে প্রথম সমাবেশেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘আক্রমণাত্মক’ হয়ে উঠেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নভেম্বরের নির্বাচনকে তিনি 'প্রাক্তন প্রসিকিউটর এবং দোষী সাব্যস্ত অপরাধীর মধ্যে একজনকে বেছে নেওয়ার' লড়াই হিসাবে বর্ণনা করেছেন।
গত রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের দৌড় থেকে নিজের প্রার্থীপদ প্রত্যাহার করে তার 'রানিং মেট' কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেছিলেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে। তারপর এটাই ছিল হ্যারিসের প্রথম প্রচার সমাবেশ।
‘ব্যাটলগ্রাউন্ড স্টেট’ উইসকনসিনে প্রায় তিন হাজার লোকের এই জমায়েতে নিজের বক্তব্য রাখতে গিয়ে হ্যারিস হোয়াইট হাউসের দৌড়ে সামিল তার রিপাবলিকান প্রতিপক্ষের সঙ্গে তুলনা করেছেন প্রতারণার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের, যাদের বিরুদ্ধে অভিযোগ এনে একসময় মামলা লড়েছিলেন তিনি (কমলা হ্যারিস)।
প্রসঙ্গত, 'সুইং স্টেট' বা 'ব্যাটেলগ্রাউন্ড স্টেট' হলো এমন কয়েকটা মার্কিন অঙ্গরাজ্য, যেগুলো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসন্ন নির্বাচনেও প্রেসিডেন্ট পদপ্রার্থীরা পাখির চোখ করেছেন এই 'ব্যাটেলগ্রাউন্ড স্টেট'গুলোকে।
এদিকে ট্রাম্পও অবশ্য নিশানা করতে ছাড়েননি কমলা হ্যারিসকে। ইতিমধ্যে সীমান্তে তার কাজ নিয়ে আক্রমণ করেছেন সাবেক প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন- ‘মিথ্যুক কমলা হ্যারিস যা স্পর্শ করেন তা ধ্বংস করে দেন!’
এর আগে সোমবার ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে হ্যারিসের নাম ঘোষণা করেন প্রাক্তন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। এর আগে হ্যারিসের নাম ঘোষণা করেছিলেন বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টনসহ একাধিক প্রভাবশালী ডেমোক্র্যাট। কিন্তু ডেমোক্র্যাট নিয়ম অনুযায়ী, রানিং মেট হলেও প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে সবুজ সংকেত পাবেন না কমলা। নতুন করে মনোনয়ন জমা দিতে হবে প্রেসিডেন্ট হতে আগ্রহী ডেমোক্র্যাটদের। সেই নামগুলো নিয়ে আলোচনা হবে ডেমক্র্যাট ন্যাশনাল কনভেনশনে।
আগামী মাসে শিকাগোতে এই কনভেনশন হবে বলে জানা গিয়েছে। দলের নানা স্তরের ৩ হাজার ৯০০ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন এই কনভেনশনে। পছন্দের প্রার্থীদের বেছে নেবেন ৩২০০ জন প্রতিনিধি। তারা যদি বেছে নিতে না পারেন, সেক্ষেত্রে ভোট দেবেন বাকি ৭০০ জন। সেক্ষেত্রে ভারতীয় বংশোদ্ভুত কমলাকে কি মার্কিন রাজনীতিবিদরা প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বেছে নেবেন, সেটাই এখন দেখার বিষয়।