নেপাল

বিমান দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৮:১৯ পিএম

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার উড্ডয়নের সময় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজের ১৯ আরোহীর মধ্যে ১৮ জন নিহত হয়েছেন। মারাত্মক এই দুর্ঘটনায় একমাত্র বেঁচে আছেন উড়োজাহাজটির পাইলট। তিনি হাসপাতালের চিকিৎসাধীন আছেন।

নিহতদের মধ্যে ইয়েমেনের নাগরিক আরেফ রেদা ব্যতীত সবাই নেপালের নাগরিক। এছাড়া সুশান্ত কাতুয়াল নামে একজন সহযোগী পাইলট নিহত হন। নিহত নেপালের নাগরিকরা হলেন- অমিত মান মাহারজান, সাগর আচার্য, দিলীপ ভার্মা, মনু রাজ শর্মা, অশ্বিন নিরলা, সুদীপ লাল জোশি, সারবেশ মারাসাইন, শ্যাম বিন্দুকার, নভো রাজ আলে, রাজা রাম আচার্য, প্রিজা খাটিওয়াডা, অধিরাজ শর্মা, উদ্ধাব পুরি, ইয়াগা পিডি পৌডাল, সন্তোশ মাহাতো ও পুনিয়া রত্না সাহি। 

নেপাল সিভিল এভিয়েশনের উদ্ধার সমন্বয় কেন্দ্রের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ১১টায় এ মারাত্মক দুর্ঘটনাটি ঘটে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি উড্ডয়নের কয়েক মিনিট পরই বিধ্বস্ত হয়।

বুধবার সকালে সৌর্য এয়ারলাইনসের পরীক্ষামূলক উড়োজাহাজটি নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে পোখারার দিকে যাচ্ছিল। বিমানবন্দরের প্রধান জগন্নাথ নিরাউলা বিবিসিকে বলেন, বিমানবন্দর থেকে উড্ডয়নের সঙ্গে সঙ্গে দুর্ঘটনাটি ঘটে।

নেপালের সংবাদমাধ্যমগুলো বলছে, সৌর্য এয়ারলাইনসের পরীক্ষামূলক ফ্লাইটিতে ১৯ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে এয়ারলাইনসের কারিগরি কর্মীরা এবং দুজন ক্রু সদস্য ছিলেন।

উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে দুর্বল নিরাপত্তাব্যবস্থার জন্য নেপালের ব্যাপক সমালোচনা আছে। ১৯৯২ সালে নেপালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৬৭ জন নিহত হয়। ২০২৩ সালের জানুয়ারিতে দেশটিতে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৭২ জন নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত