শাফিনের মৃত্যুতে ভেঙে পড়েছেন ছেলে আযরাফ ওজি

মারা গেছেন জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী শাফিন আহমেদ।  বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে বাবা জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই রীতিমতো বিহ্বল হয়ে পড়েছেন তার ছেলে আযরাফ ওজি।

শাফিন আহমেদের মামাতো বোন কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা জানান, বাবার মৃত্যু সংবাদ শোনার পর থেকেই কেঁদে একাকার ওজি। অনবরত কান্নার কারণে কথা বলতে পারছেন না তিনি।

এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোর ৬টা ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন শাফিন আহমেদ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাই হামিন আহমেদ বলেন, ২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শোয়ের আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে শোটা ক্যানসেল করা হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার নানান অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু তাকে আর ফেরানো গেল না।

প্রসঙ্গত, শাফিন আহমেদের মরদেহ দেশে নিয়ে আসার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে আমেরিকার ভার্জিনিয়ায় পৌঁছেছেন তার স্ত্রী নাহীন আহমেদ। এদিকে হামিন আহমেদও আজই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন।