‘যারা বাংলাদেশ চায়নি, তারা কোটা আন্দোলনে ভর করে তাণ্ডব চালিয়েছে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারা দেশে হামলা করা হয়েছে। মেট্রোরেল, সেতু ভবনসহ গুরুত্বপূর্ণ ভবনে হামলা করা হয়েছে। পুলিশ র‍্যাব, বিজিবিকে সহযোগী করার জন্য সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে। এবং সান্ধ্য আইন আমরা জারি করেছি। ধীরে ধীরে আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাব।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকাল সোয়া ৬টায় বগুড়ায় জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই কোটা আন্দোলনের উপর ভর করে যারা ৭১-এ এদেশ চায়নি, সেই দলগুলো একত্রিত হয়ে বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করেছিল। ধ্বংসলীলা চালিয়েছে। বগুড়াও সেখান থেকে বাদ যায়নি। বগুড়ার দলীয় কার্যালয়, মুজিব মঞ্চ, জাসদ কার্যালয়, ভূমি অফিস, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, থানায় হামলা করা হয়েছে।

তিনি বলেন, যারা এদেশ চায় না তারাই হামলা চালিয়েছে। নরসিংদীতে আরেক কাণ্ড দেখলাম, যেখানে জঙ্গি আমরা ধরে রেখেছিলাম, যারা জঙ্গি উত্থান ঘটানোর চেষ্টা করেছিল তাদের বিচারের জন্য রাখা হয়েছিল। সেখানে হামলা চালানো হয়েছে। বের করে নিয়ে যাওয়া হয়েছে জঙ্গিদের।