নারায়ণগঞ্জে আরও ৫ মামলা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৫

নারায়ণগঞ্জে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সহিংসতার ঘটনায় আরও ৫টি মামলা হয়েছে। সন্দেহভাজন হিসেবে আরও ৬৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৫ জুলাই) সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সাংবাদিকদের এ তথ্য জানান।

মোস্তফা রাসেল বলেন, সহিংসতার ঘটনায় বুধবার (২৪ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ২টি, ফতুল্লা ও সদর থানায় আরও ৩টি মামলা হয়েছে। দুটি মামলা পুলিশ ও অপর তিনটি যথাক্রমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, রাজউক জোন ৮ এবং শীতল ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ দায়ের করেছে।

এদিকে সহিংসতার ঘটনায় ২৩ জুলাই থেকে এখন পর্যন্ত নারায়ণগঞ্জে ১৪টি মামলা হয়েছে। মামলায় নামীয় এবং অজ্ঞাত আসামি করা হয়েছে সাত হাজারের বেশি মানুষকে। গ্রেপ্তার হয়েছেন ৩৭৪ জন। গ্রেপ্তারদের মধ্যে বিএনপি-জামায়াতের নেতা-কর্মী, সিটি কর্পোরেশনের কাউন্সিলরসহ সন্দেহভাজনরা রয়েছেন।