প্যারিস অলিম্পিকে পর্দা উঠছে আজ। তার আগে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় আরচার সাগর ইসলাম নেমেছিলেন পুরুষ রিকার্ভ এককের র্যাংকিং রাউন্ডে। শুরুটা ভালো হলেও শেষ দিকে তাল হারিয়ে ৬৪ জনের মধ্যে ৪৫তম হন সাগর। নিজের ব্যক্তিগত সেরা স্কোরের অনেক কম করতে পারেন তিনি। র্যাংকিং রাউন্ডে ৬৫২ স্কোর গড়ে ৩০ জুলাই নকআউট পর্ব শুরু করবেন বাংলাদেশের আরচার।
বাংলাদেশ থেকে এবার পাঁচজন অ্যাথলেট অংশ নিচ্ছেন প্যারিস অলিম্পিকে। তাদের মধ্যে আরচার সাগরই একমাত্র সরাসরি যোগ্যতা অর্জন করে প্যারিসে এসেছেন। স্বভাতই তাই সবার নজর রয়েছে তার দিকে।
প্রথম সিরিজ শেষে সপ্তমে ছিলেন সাগর। ধীরে ধীরে তার অবস্থানে অবনতি ঘটতে থাকে। বেশ খানিকক্ষণ ১৩তম স্থানে থাকার পর এক লাফে নেমে যান ৩৩তম স্থানে। প্রথমার্ধে তার সংগ্রহ ছিল ৩৩৩। তবে পরের অর্ধে ৩১৯-এর বেশি তুলতে পারেননি। একটা সময় ৫০তম স্থানে নেমেছিলেন তিনি। তবে শেষটা করতে পারেন ৪৫-এ থেকে। র্যাংকিং রাউন্ডে শীর্ষস্থান অর্জন করেন দক্ষিণ কোরিয়ার কিম উজিন। তার স্কোর ৬৮৬।