অলিম্পিকে মার্কিন জিমন্যাস্টদের জন্য ‘বিশেষ বিছানা’

এবারের প্যারিস অলিম্পিকে মার্কিন জিমন্যাস্ট দলের সেরা অস্ত্র কী? নিশ্চয়ই জবাব দেবেন- সিমোন বাইলস। খ্যাতিমান এই জিমন্যাস্ট এবারও আসর মাতাতে তৈরি। কিন্তু মার্কিনীদের একটি ‘গোপন অস্ত্র’ আছে, যা জিমন্যাস্টদের চাঙ্গা রাখে। সেটা হলো তাদের বিছানা। প্যারিসের গরম থেকে বাঁচতে মার্কিন জিমন্যাস্টদের জন্য বিশেষ বিছানার ব্যবস্থা করেছে আমেরিকার অলিম্পিক অ্যাসোসিয়েশন।

ইয়াহু স্পোর্টস জানিয়েছে, সিমোন বাইলসরা একটি বিশেষ ধরনের ম্যাট্রেস টপারে ঘুমানোর সুযোগ পেয়েছেন, যা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে এবং শীতলতার অনুভূতি দেয়। বিছানাগুলো সেভাবেই ডিজাইন করা হয়েছে। প্যারিসের গরম থেকে পাঁচ সদস্যের এই জিমন্যাস্ট দলকে রক্ষা করতে বিছানা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বেডজেট’ এর সঙ্গে এক চুক্তির আওতায় এই ব্যবস্থা করতে পেরেছে মার্কিন অলিম্পিক কমিটি।

এটাই সেই বিশেষ কুলিং সিস্টেম সংযুক্ত বিছানা। ছবি: ইয়াহু স্পোর্টস

‘বেডজেট’ এই বিশেষ ম্যাট্রেসকে বলা হয় ‘কমফোর্ট স্লিপ সিস্টেম’, যা যে কোনো বিছানার সঙ্গে সংযুক্ত করা যায়। সেই বিছানায় কেউ ঘুমালে ফাস্ট কুলিং প্রযুক্তির মাধ্যমে বিছানায় আটকে থাকা শরীরের তাপ এবং ঘাম নিঃসরণ করে শীতল অনুভূতি দেয়। এতে অ্যাথলেটদের ভালো ঘুম হয় এবং পরদিন সবাই চাঙ্গা থাকেন। সিমোন বাইলসের ব্যক্তিগত কোচ সিসিল ল্যান্ডি বলেছেন, ‘তারা ইতোমধ্যেই ভালো ঘুমিয়েছে। মেয়েরা খুব খুশি ছিল। এটা সত্যিই দারুণ।’

প্যারিস অলিম্পিককে বলা হচ্ছে আধুনিক যুগের সবচেয়ে পরিবেশবান্ধব অলিম্পিক গেমস। কারণ, পরিবেশ ঠিক রাখতে এবার অলিম্পিক ভিলেজে কোনো শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহার করা হয়নি। সব আসবাব তৈরি করা হয়েছে কার্ডবোর্ড দিয়ে, যাতে অলিম্পিক শেষে পুনর্ব্যবহার করা যায়। কিন্তু এই ব্যবস্থা অ্যাথলেটদের বিশ্রামের জন্য যথেষ্ট নয় বলে মনে করছেন অনেকে। তাই মার্কিন জিমন্যাস্টদের জন্য এই প্রযুক্তি।