তাদের দেশ থেকেও যেন নেই। সবাই প্রাণ বাঁচাতে ভিন্ন কোনো দেশে আশ্রয় নিয়েছেন। এমন ৩৭ জনকে এবার দেখা যাবে প্যারিস অলিম্পিকে। রিও এবং টোকিও অলিম্পিকের পর প্যারিসেও থাকছে উদ্বাস্তু দল। ১২টি ভিন্ন ইভেন্টে এই ৩৭জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বাস্তু দলের পতাকাবাহকের দায়িত্ব পেয়েছেন সিন্ডি গাম্বা। ক্যামেরুনে জন্ম নেওয়া গাম্বা বলেছেন, ‘আমরা সব উদ্বাস্তু একটাই দল। আমরা খেলোয়াড়। সেই সঙ্গে আমরা যোদ্ধা। আমরা সকলে ক্ষুধার্ত খেলোয়াড়। সবাই মিলে আমরা একটা পরিবার। আমাদের উদ্বাস্তু হিসাবে দেখা হয়। কিন্তু আমরা খেলোয়াড়। অন্য দেশের খেলোয়াড়দের মতো আমরাও জিততে এসেছি। পদক জয়ের ক্ষুধা আমাদেরও আছে।’
২০১৬ সালে রিও অলিম্পিকে প্রথমবার রিফিউজি দল অংশ নেয়। সেই আসরে ১০ জন খেলোয়াড় উদ্বাস্তু হিসাবে অংশ নিয়েছিলেন। এবারে ৩৭ জন খেলোয়াড় অংশ নেবেন সাঁতার, কুস্তির মতো বিভিন্ন খেলায়। এবারের অলিম্পিকে ‘ব্রেকিং’ ইভেন্টে অংশ নেবেন মানিঝা তালাস। ২১ বছরের তরুণীর জন্ম আফগানিস্তানের কাবুলে। কিন্তু সেখানে তালেবান শাসন কায়েম হওয়ায় তার জন্য খেলা অসম্ভব হয়ে ওঠে। তাই স্বপ্ন বাঁচিয়ে রাখতে তিনি পাড়ি জমান স্পেনে।
উদ্বাস্তু হিসাবে তায়কোন্দোতে খেলবেন ফারজাদ মানসৌরি। এর আগে টোকিও অলিম্পিকে তিনি আফগানিস্তানের হয়েই খেলেছিলেন। তালেবান আসার পর তিনি ব্রিটেনে চলে যান। উদ্বাস্তু হিসেবে প্রথমবার তিনি অলিম্পিকে খেলবেন। কিন্তু তার বন্ধু মোহাম্মদ জান সুলতানির সেই সুযোগ হয়নি। গতবার টোকিও অলিম্পিকে আফগানিস্তানের হয়ে খেলতে নামা সুলতানি কাবুলের বিমানবন্দরে এক আত্মঘাতী জঙ্গিহানায় মারা যান।
তালেবান আক্রান্ত আফগানিস্তানে মেয়েদের গৃহবন্দি করে রাখা হয়েছে। বন্ধ হয়ে গেছে তাদের পড়াশোনা, খেলাধুলা, বাইরে যাওয়াসহ সবকিছুই। এই অবস্থা থেকে পরিত্রাণ চান মানসৌরি। তিনি বলেছেন, ‘আশা করব আমাদের দেশে শান্তি ফিরবে। সারা বিশ্বে শান্তি ফিরে আসবে।’
ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তি: চাকরি গেল কানাডার কোচের
মরক্কোর কাছে হারের আগে আর্জেন্টিনা দলে চুরি
ব্রাজিল-জার্মানি ও ফ্রান্সের জয়